বেআইনি আচরণের অভিযোগে সংবাদপত্র কোম্পানির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি। বহু ফটোগ্রাফার এবং টিভি ক্যামেরার সামনে একটি কালো এসইউভিতে আদালতে উপস্থিত হন প্রিন্স হ্যারি।
মঙ্গলবার সিএনএন জানায়, মামলাটির বিচারকাজ শুরু হয় গতমাসে। ডেইলি মিরর, সানডে মিরর ও সানডে পিপলের প্রকাশক কোম্পানি মিরর গ্রুপ নিউজপেপার্সের বিরুদ্ধে শতাধিক তারকা ও বিখ্যাত ব্যক্তি মামলাটি করেছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের সাথে আইনি বিরোধ এবং স্মৃতিকথা প্রকাশ ও নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজ ঘিরে ছয় মাস ধরে সংবাদের শিরোনাম হচ্ছেন হ্যারি। আদালতে প্রিন্স হ্যারির উপস্থিতি বিশ্বের ইতিহাসে এক নজির তৈরি করবে বলে মনে করা হচ্ছে।








