ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে নতুন সরকারের। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই সরকারকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রত্যাশা ও আলোচনা।
আজ (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করবেন। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
সাধারণত স্পিকার এই দায়িত্ব পালন করলেও গণ-অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে সংবিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল চারটায় মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। ঐতিহ্য অনুযায়ী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হয়ে থাকে বঙ্গভবনের দরবার হলে।
তবে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের রাজনৈতিক ইতিহাসে এটিকে একটি ব্যতিক্রমী ও প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে, যার মধ্যে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে এককভাবে ২০৯টি আসনে জয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন।








