১০০ গুণী শিক্ষককে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

ছবি: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন (সংগৃহীত)।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে এই পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব বলেন।
তিনি বলেন, ‘আমরা ১২ জন থেকে উন্নীত করে ১০০ জনে করেছি। শিক্ষক সিলেকশন একটি কমিটি রয়েছে। আগামী ৫ অক্টোবর দুপুর ২টায় ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী তাদের সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণ করবেন।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের ফলে পাঁচ হাজার শিক্ষার্থী পাশ করেছে। তিন হাজার ৭৯ জন জিপিএ ৫ পেয়েছে। তবে এবছরে এসএসসির খাতা মূল্যায়নে যাদের গাফিলতি আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা।






