বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় উল্লেখ করে চীন-বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চীন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (৯ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে ওয়ার্ল্ড সামিট উইং-এ বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানের সময় প্রধানমন্ত্রী একথা বলেন।
সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়, চীন-বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা এমন অবস্থায় চায়না বিনিয়োগকারীদের বেশি বেশি বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে উল্লেখ করে নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের তরুণ প্রজন্মকে নানা প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে।
এসময়, চীনের সঙ্গে রফতানি বাণিজ্য বাংলাদেশ আরও বাড়াতে চায় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।







