প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৮ জুলাই চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০১) প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বেইজিং এর স্থানীয় সময় বিকেল ৬টা ৫ মিনিটে ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, ফ্লাইটটি আজ সকাল ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
৮-১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে, প্রধানমন্ত্রী ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
চীন সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি১৭০৪) বেইজিং সময় ১১ জুলাই বেলা ১১টায় দেশের উদ্দেশে রওনা হবেন।
ফ্লাইটটি একই দিন বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।








