রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মুসলমানদের ইহকাল ও পরকালীন মুক্তির জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কথা ও কর্ম অনুসরণ করা অপরিহার্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথও এই শিক্ষার মধ্যেই নিহিত।
শুক্রবার ৫ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদে মিলাদুন্নবীর আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
রাষ্ট্রপতি বলেন, আজ সেই পবিত্র দিন, যেদিন বিশ্বমানবতার মুক্তিদাতা মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই ধরাধামে আগমন করেন। তাঁর আগমন মানবজাতির জন্য এনেছে শান্তি, রহমত ও মুক্তির বাণী।
তিনি আরও বলেন, তৎকালীন আরব সমাজের অবিচার, অন্ধকার ও অসত্যের বিপরীতে মহানবী (সা.) সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দেন। পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জগতের জন্য হিদায়াতের মশালধারী করে পাঠিয়েছেন। সকল প্রতিকূলতা মোকাবিলা করে তিনি তাওহীদের বাণী প্রতিষ্ঠা করেন এবং ইসলামের আলো ছড়িয়ে দেন বিশ্বজুড়ে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মহানবী (সা.) সমাজে সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি উম্মতের জন্য দায়িত্ব ও কর্তব্যের দিকনির্দেশনাও দিয়েছেন।
বাণীর শেষাংশে রাষ্ট্রপতি মহানবী (সা.)-এর আদর্শকে সকলের জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের আলোকিত করুক—এই প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই আদর্শ অনুসরণ করে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দিন।








