ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তিন ও চারের লড়াইয়ে নটিংহ্যাম ফরেস্টকে পেছনে ফেলে তিনে উঠে আসার সুযোগ ছিল ম্যানচেস্টার সিটির। সুযোগটা কাজে লাগাতে পারেনি পেপ গার্দিওলার দল। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটির সামনে বড় শঙ্কা পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা। সেটা মাঠের খেলায় ভালো করেই অর্জন করে নিতে হবে, বলছেন গার্দিওলা।
নটিংহ্যামের মাঠে ম্যানসিটি হেরেছে ১-০ গোলে। হারে মৌসুমটা যেন আরেকটু দুর্বিষহ হল গার্দিওলার জন্য। ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চারে আছে সিটি। রোববার লেস্টার সিটির বিপক্ষে চেলসি জিতলে পাঁচে নেমে যাবে সিটি এবং চারে উঠে আসবে চেলসি। পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলতে শীর্ষ চারের মধ্যে মৌসুমে শেষ করতে হবে আর্লিং হালান্ডদের।
৫৩ বর্ষী স্পেনিয়ার্ড কোচ বলেছেন, ‘আমাদের আরও ভালো খেলতে হবে। কিছু করতে হবে, কারণ (চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা) আকাশ থেকে আসবে না। এটা আমাদেরই করে নিতে হবে। পরিস্থিতি এখন আমাদের এমনই দাঁড়িয়েছে। দশটি খেলা বাকি, শনিবার ব্রাইটনের বিপক্ষে এবং তারপর দেখা যাবে কী হয়। কখনও কোনো খেলোয়াড়কে দোষারোপ করি না। কিন্তু জয়ের জন্য এই ম্যাচে তেমন কোনো অ্যাকশন দেখিনি।’







