দাবা বিশ্বকাপে চমক দেখাচ্ছেন ভারত রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বসেরা গ্র্যান্ডমাস্টারদের হারিয়ে ফাইনালে লড়ছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনের বিপক্ষে। মঙ্গলবার প্রথম রাউন্ড ড্রয়ের পর বুধবার দ্বিতীয় রাউন্ডও ড্র হয়েছে। ফলে লড়াই গড়িয়েছে টাইব্রেকারে। বৃহস্পতিবার টাইব্রেকারে নির্ধারিত হবে ফলাফল।
মঙ্গলবার প্রথম ক্লাসিক্যাল ম্যাচে সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলেন প্রজ্ঞানন্দ। প্রথম রাউন্ডে ৩৫ চালের পর ড্র করার সিদ্ধান্ত নেন তারা। বুধবার দ্বিতীয় রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে খেলেন ১৮ বর্ষী প্রজ্ঞানন্দ। শুরুতে দুই প্রতিযোগীই দ্রুততার সহিত লড়লেও পরে খেলার গতি কিছুটা মন্থর হয়ে যায়। শেষ অবধি ৩০ চালের পরে খেলা ড্র করার সিদ্ধান্ত নেন প্রজ্ঞা ও কার্লসেন। ড্রয়ের ফলে দুই প্রতিযোগীরই পয়েন্ট দাঁড়াল ১ করে।
বৃহস্পতিবার টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারণ হবে। প্রথমে ২৫ মিনিট করে দুটি র্যাপিড প্রতিযোগিতা খেলবেন তারা। সেখানে ফলাফল না আসলে ১০ মিনিট করে দুটি র্যাপিড প্রতিযোগিতা খেলবেন প্রজ্ঞানন্দ ও কার্লসেন।
সেখানেও যদি জয় নিশ্চিত না হয় তা হলে ১০ মিনিট করে দুটি ব্লিৎজ় প্রতিযোগিতা হবে। যদি সেই খেলাতেও যদি জয়ী পাওয়া না যায় তা হলে আরও একটি ব্লিৎজ় প্রতিযোগিতা হবে। এভাবে যতক্ষণ পর্যন্ত কেউ না জিতবেন ততক্ষণ প্রতিযোগিতা চলবে।








