সন্তান হওয়ার পর দীর্ঘদিন কাজ থেকে বিরতিতে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। গেল বছরের শেষ দিক থেকে আবারও কাজে ফেরেন তিনি। সিনেমার পাশাপাশি বেছে নিলেন ওটিটি! আসছে অক্টোবরে স্ট্রিমিং হতে যাচ্ছে পরী অভিনীত ওটিটির সেই প্রতীক্ষিত কাজটি!
‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমনি। এ তথ্য জানাই ছিলো। তবে তার বিপরীতে এই সিরিজে কে থাকছেন, তা জানা যায়নি! বুধবার (১৮ সেপ্টেম্বর) এক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানা গেল, পরীর বিপরীতে দেখা যাবে অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানকে। যাকে এরআগে ‘মহানগর’ এবং ‘কাইজার’-এর মতো সিরিজে দেখা গেছে!
‘রঙিলা কিতাব’ এর পোস্টার প্রকাশ করে হইচই জানিয়েছে, আসছে অক্টোবরেই সিরিজটি দেখা যাবে। সিরিজের ট্যাগ লাইনে বলা হয়েছে ‘রক্তে রাঙা প্রেমের কিসসা’!
কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত সাত পর্বের এই ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। পরী ছাড়াও সেসময় শোনা যায়, এতে অভিনয় করেছেন ছোটপর্দার তারকা অভিনেতা পলাশ!








