স্কুল হ্যান্ডবলের জমজমাট টুর্নামেন্টে বালক বিভাগে নিজেদের প্রথম ম্যাচে ধানমন্ডি টিউটোরিয়ালকে হারিয়েছে খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। বুধবার আসরের দ্বিতীয় দিনে বালক বিভাগের খেলাগুলো হয়েছে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে। বালিকা বিভাগের ম্যাচগুলো হয়েছে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে।
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বালক বিভাগের প্রথম ম্যাচে ৮-৭ গোল ব্যবধানে জয় পায় খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। ম্যাচের প্রথমার্ধে ৬-২ গোলে এগিয়ে ছিল মেমোরিয়াল। বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল ধানমন্ডি টিউটোরিয়াল। ২ গোল হজমের বিপরীতে ৫ গোল দেয় ধানমন্ডির স্কুলটি।
দ্বিতীয় দিনে বালক বিভাগে ৬টি ম্যাচ হয়েছে। জয় পেয়েছে- খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, স্কলাস্টিকা (উত্তরা), মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, খেলায় শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ। অন্য একটি ম্যাচে ৫-৫ সমতায় ড্র করে মডেল একাডেমি ও নৌ-বাহিনী কলেজ।
প্রথমদিনে বালক বিভাগের বাকী থাকা একটি ম্যাচে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে ৩০-১ ব্যবধ্যানে হারায় সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ।
বালিকা বিভাগেও ৬টি ম্যাচ হয়েছে। জিতেছে- মতিঝিল আইডিয়াল স্কুল, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, স্কলাস্টিকা (উত্তরা), শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ।
মঙ্গলবার থেকে শুরু হওয়া স্কুল হ্যান্ডবলের ২৮তম আসরে বালক বিভাগে অংশ নিচ্ছে ২৪টি স্কুল, বালিকা বিভাগে ১৯টি। বালক বিভাগে ৮টি গ্রুপ ও বালিকা বিভাগে ছয়টি গ্রুপ করে হচ্ছে খেলা। ৪ সেপ্টেম্বর দুই বিভাগের ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।







