ইউরোর গ্রুপপর্বে পোল্যান্ড ও নেদারল্যান্ডসের লড়াই চলছিল সমানে সমান। নেদারল্যান্ডসের আক্রমণের পর পাল্টা আক্রমণে পোল্যান্ড, এমন চলছিল ম্যাচ। প্রথমার্ধে পোল্যান্ড এগিয়ে গেলেও সমতায় ফেরে ডাচরা, এরপর খেলার শেষের দিকে আসে ফলাফল। ২-১ গোলের জয় নিয়ে শেষ হাসি হাসে নাথান আকে-ফন ডাইকরা।
খেলার দশম মিনিটে নেদারল্যান্ডসের তিজানি রেইন্ডার্স ডি বক্সের মধ্যে দারুণ একটি সুযোগ পেলেও বারের সামান্য বাইরে দিয়ে মারেন। ম্যাচের প্রথম গোলের সুযোগ হাতছাড়া হয় ডাচদের।
১৬ মিনিটে পোল্যান্ডকে আনন্দে ভাসান অ্যাডাম বুকসা। ডানপাশের কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান। ম্যাচের প্রথম গোল পেয়ে এগিয়ে যায় পোলিশরা। এরপর তাদের সময় কাটতে থাকে ডাচদের টানা আক্রমণ ঠেকাতে।
২২ মিনিটের মাথায় একটি গোলের সুযোগ নষ্ট করেন মেম্ফিস ডিপাই। এক মিনিট পর আরও একটি সুযোগ আসে এ ফরোয়ার্ডের কাছে, সেটিতেও কিছু করতে পারেননি। তবে ২৯ মিনিটে স্টেডিয়াম ভর্তি দর্শকদের হতাশ করেননি কোডি গ্যাপকো, ডি বক্সের বাইরে থেকে ডানপায়ে জোরাল শট নেন, ডিফ্লেকশন হয়ে গোল হলে সমতায় ফেরে দলটি।
১-১ সমতায় থেকে বিরতিতে যাওয়া দুদল বিরতির পর আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রথমার্ধে খেলার বেশিরভাগ সময় নেদারল্যান্ডস নিয়ন্ত্রণ করলেও বিরতির পোল্যান্ডকে সেই ভূমিকায় দেখা যায়। দুইপক্ষ আক্রমণ পাল্টা আক্রমণ করলেও কেউ গোলের দেখা পায়নি।
খেলার শেষ দিকে আসে গোল, ৮৩ মিনিটে সুপার সাব হিসেবে নামা কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের নায়ক ভেট ওয়েঘস্ট গোল করেন। ২-১ ব্যবধানে এগিয়ে যায় ডাচবাহিনী। পোলিশরা শেষ চেষ্টা করেও কোনো সুবিধা করতে পারেনি, হারতে হয় দলটিকে।








