বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে তাদের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা পৃথকভাবে সমাধিতে শ্রদ্ধা জানান।
পরে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ফাতেহা পাঠ করেন। এ সময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলের আশপাশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। তারা দলীয় নেতাদের সমাধিতে শ্রদ্ধা জানান।
প্রথমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানানো হয়।






