দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করার এবং সেই গাছ সম্পর্কে গবেষণা করে জানার আহ্বান জানান।
আজ (১৫ জুলাই) বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি কর্মসূচির উদ্বোধন করেন।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর চেষ্টা করতে হবে। সেটি স্কুলে কিংবা বাড়ির আশপাশে যেখানেই হোক না কেন। পাশাপাশি গাছটির আয়ুষ্কাল, অক্সিজেন উৎপাদন, পরিবেশ ও মানুষের জন্য এর উপকারিতা সম্পর্কে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে হবে।
তারেক রহমান বলেন, এভাবে প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে। স্কুলে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে, আর বাড়ির আশপাশে লাগানো গাছ পরিবেশকে শীতল করবে এবং নির্মল বাতাস দেবে।
দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে সারাদেশে বিপুল সংখ্যক গাছ রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে একটি স্মরণীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আসো আমরা সকলে মিলে চেষ্টা করি, আমাদের এই বাংলাদেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এই কর্মসূচির অংশ হিসেবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।







