মানুষকে বাক্স ভেবে চাপ দিলো প্যাকিং রোবট, রোবোটিক্স কর্মীর মৃত্যু

একটি আধুনিক কারখানায় রোবোটিক্স দ্বারা প্যাকেজিং প্রক্রিয়া দেখানো হয়েছে, যেখানে রোবোটিক আর্ম প্যাকেজিং করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাউথ কোরিয়ার একটি সবজির কারখানায় রোবটের আঘাতে পিষ্ট হয়ে মারা গেছেন রোবটটির সেন্সর কার্যক্রম পরীক্ষা করতে আসা এক ব্যক্তি।
বিবিসি জানিয়েছে, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি স্থানীয় একটি রোবোটিক্স কোম্পানির কর্মী ছিলেন। দক্ষিণ গিয়াংসাং প্রদেশের একটি সবজি কারখানায় ব্যবহৃত রোবটের সেন্সর কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি।
সবজির বাক্স তুলে সেগুলো কনেভয়ার বেল্টে রাখার জন্য কারখানাটিতে একটি বিশেষ রোবট ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি মানুষ এবং বাক্সের পার্থক্য ধরতে ব্যর্থ হয় এবং ওই লোকটিকে বাক্স ভেবে কনেভয়ারে চাপ দেয়। এতে মুখ ও বুকে আঘাত পান তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এই দুর্ঘটনার পর কারখানাটির পক্ষ থেকে নিরাপদ এবং সূক্ষ্ম ব্যবস্থা স্থাপনের আহ্বান জানানো হয় রোবটটির প্রস্তুতকারক প্রতিষ্ঠানটিকে।
রোবটের হাতে মানুষ হতাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত মার্চে সাউথ কোরিয়াতেই একটি অটোমোবাইল যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করার সময় রোবটের হাতে আটকা পড়ে গুরুতর জখম হয়েছিলেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি।







