বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে আজকের এই আলোচনায় আওয়ামী লীগসহ বেশ কিছু দলকে আলোচনার জন্য ডাকা হয়নি।
শনিবার (৩১ আগস্ট) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এ বৈঠক হবে।
গত ১২ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামীসহ যেসব দল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেছিল, তাদের এবারের বৈঠকে ডাকা হয়নি। আমন্ত্রণ পায়নি গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।
মতবিনিময় এ সভায় ডাক পায়নি ১৪ দলীয় জোট, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ও বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ (বিএসপি) আরও কয়েকটি দল।
প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি, জাতীয়বাদী সমমনা জোট, ১২ দলীয় জোট ও বাংলাদেশ জাসদ ডাক পেয়েছে।
বিকেল ৩টায় খেলাফতে আন্দোলন, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ ৭টি ইসলামি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা আবদুল বাছিত আজাদ। প্রতিনিধি দলে থাকবেন ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মুনতাসীর আলী।
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ। প্রতিনিধি দলে থাকবেন মাওলানা মামুনুল হক ও মাওলানা জালাল উদ্দিন। গণফোরামের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। তার প্রতিনিধি দলে থাকবেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ।
মতবনিময় সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পক্ষে নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত কর্ণেল অলি আহমেদ। তার প্রতিনিধি দলে আছেন, ড. রেদোয়ান আহমেদ, নেয়ামূল বশির, নুরুল আলম তালুকদার ও আওরঙ্গজেব বেলাল।
জাতীয়বাদী সমমনা জোট থেকে নেতৃত্বে দেবেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তার প্রতিনিধি দলে থাকবেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, এনডিপির আবু তাহের, বাংলাদেশ ন্যাপের শাওন সাদেকি, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম।
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জাসদ ও ১২ দলীয় জোটের বৈঠকে নেতৃত্বে দেবেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তার প্রতিনিধি দলে থাকবেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামের মহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির একাংশের ফারুক রহমান, জাগপা একাংশের তাসমিয়া প্রধান, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ ও বিকল্পধারা বাংলাদেশের শাহ আহমেদ বাদল।
বাংলাদেশ জাসদের নেতৃত্ব দেবেন শরীফ নুরুল আম্বিয়া। তার প্রতিনিধি থাকবেন নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, আবদুল কাদের হাওলাদার, কাজী সদরুল হক।
এরপর হবে গণফোরাম ও জাতীয় পার্টির বৈঠক। জাতীয় পার্টির নেতৃত্বে দেবেন জিএম কাদের। তার প্রতিনিধি দলে থাকবেন আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, মজিবুর রহমান চুন্নু, মাশরুর মওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন। আর গণফোরামের নেতৃত্ব দেবেন ড. কামাল হোসেন। তার প্রতিনিধি দলে থাকবেন মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী, এসএম আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিব উদ্দিন আবদুল কাদের ও মোশতাক আহমেদ।
এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাত শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে পর্যায়ক্রমে উপদেষ্টা মতবিনিময় করবেন।








