হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের দ্বাদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়েছে।
সংবাদ মাধ্যম পার্সটুডে জানিয়েছে, গতকাল (২৭ মে) সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর বার্তা পাঠের মধ্য দিয়ে দেশটির নতুন সংসদের কার্যক্রম শুরু হয়।
সংসদে ইরানের সংবিধানের ৬৭ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে সংসদ সদস্যরা আমানতদারি ও তাকওয়ার ভিত্তিতে জনগণের প্রতিনিধিত্ব করার শপথ নিয়েছেন।
এদিকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর, দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে। জুন মাসের শেষ দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইরানের সংবিধানের ১৩১ নম্বর ধারায় বলা হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যু হলে অথবা তিনি দায়িত্ব পালন করতে অক্ষম হলে ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নতুন প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত হবেন।








