প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী দিনে বৃষ্টিতে স্যাঁতসেঁতে অবস্থার সৃষ্টি হয়েছিল। সেটির পর আলোচনায় আসে সেইন নদীর দূষণ, স্থগিত করতে হয় ইভেন্ট। এবার তাপপ্রবাহের সতর্কতা জারি হল। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে এ খবর। প্যারিস অলিম্পিকের চতুর্থ দিনে এসে তাপ নিয়ে চিন্তায় পড়ল ফ্রান্স।
একই সাথে ঝড়ের সম্ভাবনা রয়েছে দেশটিতে। মঙ্গলবার প্যারিস এবং আশেপাশের শহরগুলোতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে, এমন জানানো হয়েছে। ফ্রান্সের আবহাওয়া সংস্থা বিষয়টিকে ‘হলুদ সতর্কতা’ হিসেবে জারি করেছে। যা চারটি পর্যায়ের দ্বিতীয় পর্যায়।
প্যারিসে তাপপ্রবাহের সতর্কতায় কেউ কেউ মানিয়ে নিতে পারলেও অনেকে সমস্যার কথা বলছেন। প্যারিসের বাইরে মার্শেইতে ইকুয়েস্ট্রিয়ান দল ঘোড়া ঠাণ্ডা রাখার ব্যবস্থা করেছে।
জার্মান রাইডার জুলিয়া ক্রাজেউস্কি জানিয়েছেন, ‘সত্যি কথা বলতে আমি দর্শকদের নিয়ে বেশি উদ্বিগ্ন। ব্যক্তিগতভাবে আমি ঠাণ্ডার চেয়ে গরম পছন্দ করি। গরম আমাকে ভোগাতে পারবে না।’
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গাফ জানিয়েছে, তিনি ‘স্বাচ্ছন্দ্যবোধ’ করছেন। তার মতে, ‘আমার মনে হচ্ছে ফ্লোরিডায় খেলছি।’
ভিন্ন কথা বলছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ, ‘কোর্টে বেশ গরম আছে। প্যারিসের আবহাওয়া বেশ অদ্ভুত।’








