পাকিস্তানের সিন্ধু প্রদেশের নতুন আইন অনুযায়ী, পাকিস্তানে যেসব বাবা-মা তাদের সন্তানদের সংক্রামক রোগের বিরুদ্ধে টিকা দিতে অস্বীকার জানাবেন তাদের জেল বা জরিমানার সম্মুখীন হতে পারে।
এনডিটিভি জানিয়েছে, পোলিও নির্মূল করার একটি প্রচেষ্টার অংশ হিসেবেই এই পদক্ষেপ। তবে ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি (পারটুসিস), হাম, মাম্পস এবং রুবেলার জন্যও এই আইন কার্যকর হবে।
যেসব বাবা-মা তাদের সন্তানদের টিকা দিতে অস্বীকার করবেন তাদের এক মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার পাকিস্তানি রুপি (প্রায় ১৮ হাজার টাকা) জরিমানা করা হতে পারে। আইনটি চলতি মাসেই কার্যকর হবে।
সিন্ধুর দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা বিষয়ক সাবেক ফেডারেল মন্ত্রী শাজিয়া মারি বলেন, এই আইনটি টিকা দেওয়ার প্রত্যাখ্যান বন্ধ করার জন্য একটি প্রতিবন্ধক হিসেবে ব্যবহার করা হবে। পোলিও ভাইরাস নির্মূল নিশ্চিত করতে অসাধারণ ব্যবস্থা থাকতে হবে আমাদের। এই ভাইরাসটি এখনও আমাদের দেশে রয়ে গেছে এবং আমাদের এর সমাধান করা দরকার।
পাকিস্তান এবং আফগানিস্তান একমাত্র দেশ যেখানে পোলিও এখনো মহামারি হিসেবে রয়ে গেছে।








