প্যারিসে হতে চলা প্যারালিম্পিক-২০২৪ আসরে বাংলাদেশ থেকে ১৩ সদস্যের দল যাওয়ার কথা ছিল। যে দলে ক্রীড়াবিদের সংখ্যা ছিল কেবল দুজন, বিপরীতে বাকিরা যাচ্ছিলেন কর্মকর্তা পরিচয়ে। সরকার পতনের পর এ নিয়ে সমালোচনা শুরু হলে ছোট করা হয়েছে দল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুক্রবার দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ আগস্ট প্যারিসে শুরু হতে চলে প্যারালিম্পিক গেমসে দল পাঠাচ্ছে বাংলাদেশ। বিভিন্ন মাধ্যমে প্রচারিত অভিযোগ আমলে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১৮ জুলাইয়ের জিও বাতিল করে ১৩ জনের স্থলে ৭ জনের জিও মঞ্জুর করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ফ্রান্সের প্যারিসে হবে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রীড়াবিদদের প্রতিযোগিতাটি। প্যারিস প্যারালিম্পিকে বাংলাদেশ যে দল পাঠাচ্ছে তার সরকারি আদেশ (জিও) হয়েছে গত ১৮ জুলাই, শেখ হাসিনা সরকার পতনের আগে। সেই তালিকা অনুযায়ী, দলের দুই ক্রীড়াবিদ হচ্ছেন আল আমিন ও ঝুমা আক্তার। দুজনই খেলবেন আর্চারি ইভেন্টে। তাদের সঙ্গী হিসেবে যাচ্ছেন কোচ নিশীথ দাস ও চিকিৎসক মনিরুল ইসলাম। দলের বাকিদের যাওয়ার কথা ছিল কর্মকর্তা পরিচয়ে।








