সুচিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর শ্যামলীতে শিশুমেলা মোড় ও আশপাশের সড়ক অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে যানজট।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার পর থেকেই তারা পঙ্গু হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। আহত বেশ কয়েকজন সড়কে শুয়ে পড়েন। সরকারের পক্ষ থেকে কেউ না আসলে বিকেল ৪টার পর সচিবালয় অভিমুখে রওয়ানা করার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
সড়ক অবরোধের কারণে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোড ও শ্যামলীর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কটি দিয়ে চলাচল করা মানুষেরা। একই দাবিতে গতকাল মধ্যরাতেও পঙ্গু হাসপাতালের সামনের সড়কে ব্যারিকেড দিয়েছিলেন আহতরা।
সরেজমিনে দেখা যায়, পঙ্গু হাসপাতাল, নিউরো সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমেছেন। সড়কে কাউকে শুয়ে স্লোগান দিতে দেখা যায়, কাউকে স্ট্রেচারে ভর করে। তারা নানা ধরনের বৈষম্যবিরোধী স্লোগান দেন।
আহতরা জানান, তিন মাস আগেও জুলাই আন্দোলনে আহতরা পঙ্গু হাসপাতালের সামনে সকাল থেকে রাত পর্যন্ত সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তখন মধ্যরাতে হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টাসহ চারজন তাদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সরে যায়। পরে তাদের সঙ্গে একটি বৈঠকে পাঁচ কার্যদিবসের মধ্যে আহতদের স্বীকৃতি এবং পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, চিকিৎসা ও ভাতা ব্যবস্থার বাস্তবায়ন করার কথা ছিল। এরপর এতদিন তাদের কোনো একটি দাবিও সরকার পূরণ করেনি বলে আন্দোলনকারীরা দাবি করেন।








