দুর্ঘটনায় কাছের আত্মীয়কে হারালেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। শনিবার (২০ এপ্রিল) বিকালে পশ্চিমবঙ্গের দিকে আসার পথে তার বোন এবং ভগ্নিপতির গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঙ্কজের ভগ্নিপতি রাকেশ তিওয়ারির। তার বোন সবিতাও গুরুতর আহত হয়েছেন ওই দুর্ঘটনায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, শনিবার বিকালে বিহারের গোপালগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছিলেন পঙ্কজের বোন এবং তাঁর স্বামী। রাকেশ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা জাতীয় সড়কের উপর আচমকা গাড়িটি রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। যাতেই গুরুতর দূর্ঘটনাটি ঘটে।
এসময় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে দ্রুত সবিতা এবং রাকেশকে উদ্ধার করা হয়। তাঁদের নিয়ে যাওয়া হয় ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাকেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
হাসপাতালের জরুরি বিভাগের তত্ত্বাবধায়ক দীনেশ কুমার গিনদৌরিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পঙ্কজের বোন সবিতার পা ভেঙে গিয়েছে। তবে আপাতত তিনি বিপদমুক্ত। তার শারীরিক পরিস্থিতিও স্থিতিশীল। অপরদিকে রাকেশের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, জাতীয় সড়কের উপর কোন কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন রাকেশ। তবে দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র-ইন্ডিয়ান এক্সপ্রেস







