বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়ানো ও দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সফররত পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে আরও জানা যায় বাণিজ্য বাড়ানোর বিষয়ে উভয় দেশের সম্মতি রয়েছে।
বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তানসহ কোনো দেশের সাথেই বর্তমান সরকারের বৈরিতা নেই। দেশের স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে বাণিজ্য চলবে।
তিনি আরও বলেন, যে দেশের সাথে ব্যবসা বাণিজ্য সহজ হবে, সেই দেশের সঙ্গেই সম্পর্ক করবে বাংলাদেশ।
বাণিজ্য উপদেষ্টা বলেন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়াতে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কমিশন করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
কমিশনের আওতায় পাকিস্তান থেকে কৃষি ও খাদ্যপণ্য আমদানি রপ্তানি বাড়ানো হবে। পাকিস্তানের কাছে চামড়া এবং চিনি শিল্প উন্নয়নের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে।
পাকিস্তানের বাজারে শুল্ক মুক্ত এক কোটি কেজি চা পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে।
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলর কামরান ধাংগাল, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক প্রতিনিধি জাইন আজিজ এবং বাণিজ্য সহকারী ওয়াকাস ইয়াসিন।








