অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজের আগে বড় ধাক্কা পাকিস্তান দলে। ওয়ানডে সিরিজের সাতদিন আগে দলটির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন গ্যারি কারস্টেন। গত এপ্রিলে সাদা বলের কোচ হিসেবে দুবছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন সাউথ আফ্রিকার সাবেক ওপেনার।
২০১১ সালে ভারতকে বিশ্বজয়ী করা কোচ কারস্টেনের বিদায় নিয়ে এখনও মুখ খোলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেস্পি ও সাদা বলের কোচ কারস্টেনের সঙ্গে পিসিবির সম্পর্কে ফাটল ধরতে থাকে বেশ কিছুদিন আগে থেকেই। দল নির্বাচনে কোচদের ভূমিকা বাদ দেয়াতে মূলত বোর্ডের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাদের।
টেস্টে পাকিস্তানের কোচ হিসেবে আছেন জেসন গিলেস্পি। অজিদের সাবেক পেসারের অধীনে সম্প্রতি ইংল্যান্ডকে টেস্ট সিরিজে হারিয়েছে পাকিস্তান। তার আগে অবশ্য টেস্টেও দলটির পারফরম্যান্স বেশ নাজুক ছিল। বাংলাদেশের কাছে ঘরের মাটিতে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে।
আগামী ৪ নভেম্বর অস্ট্রেলিয়া সফরে গিয়ে মেলবোর্নে প্রথম ওয়ানডে খেলবে পাকিস্তান। সিরিজে তিন ওয়ানডের সঙ্গে আছে তিনটি টি-টুয়েন্টি।







