পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেসন গিলেস্পি। সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দলটি দেশ ছাড়ার কয়েকঘণ্টা আগে পিসিবিকে সিদ্ধান্ত জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার। তার সরে যাওয়ার পরপরই লাল বলের অন্তর্বর্তী কোচ হিসেবে সাবেক পেসার আকিব জাভেদকে নিয়োগ দেয়া হয়েছে।
মূলত গিলেস্পির সহকারী কোচ টিম নিয়েলসেনের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর পর আলোচনায় আসে গিলেস্পির সরে দাঁড়ানোর প্রসঙ্গ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উপর ধৈর্য হারিয়ে ফেলছেন টেস্ট দলের কোচ গিলেস্পি, এমন খবর আসে। সবশেষ ঘটনা তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে কেবল।
নিয়েলসনকে চলতি বছরের আগস্টে নিয়োগ দিয়েছিল পিসিবি। তার আনুষ্ঠানিক পদ ছিল হাই-পারফরম্যান্স লাল বল কোচ। অস্ট্রেলিয়ায় পাকিস্তান সফরের পর তার চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল। কিন্তু পিসিবি হঠাৎ জানিয়ে দেয়, চুক্তি বাড়ানো হচ্ছে না। সাউথ আফ্রিকা সিরিজের আগে সহকারীকে যে পাবেন না, সেটা গিলেস্পিকে জানানো পর্যন্ত হয়নি। যা ভালোভাবে নেননি অজিদের সাবেক পেসার।
গত অক্টোবরে নির্বাচক প্যানেল থেকেও তাকে সরিয়ে দেয়া হয়। অন্তর্বর্তী সাদা বলের কোচ করা হয়েছিল। সেখানে সাফল্য পেলেও দায়িত্বে তাকে রাখেনি পিসিবি। এবার সহকারীকে ছেড়ে দেয়ার বিষয়টি গিলেস্পিকে প্রভাবিত করেছে সিদ্ধান্ত নিতে।
প্রোটিয়াদের বিপক্ষে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান। দ্বিতীয়টি শুরু হবে কেপটাউনে, ৩ জানুয়ারি তেকে। সাদা বলের সংস্করণেও অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করছেন আকিব।








