টি-টুয়েন্টি বিশ্বকাপে এবারের আসর মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। এপর্যন্ত তিন ম্যাচ খেলে একটি জয় বাবর আজমের দলের। সুপার এইটে ওঠা কঠিন হয়ে গেছে। বিষয়টিকে তুলে ধরে দলটিকে পরবর্তী বিশ্বকাপের জন্য শুভ কামনা জানিয়েছেন ভারতের সাবেক পেসার শান্থাকুমারণ শ্রীশান্থ।
এক অনুষ্ঠানে শ্রীশান্থ বলেছেন, ‘আমার মনে হয় না পাকিস্তান প্রয়োজনীয় পদক্ষেপ অনুসরণ করছে। তারা ঘরোয়াতে জোর দিচ্ছে না। তাদের কিংবদন্তিরা, বিশেষ করে ওয়াসিম ভাই, ওয়াকার ইউনিস বলছেন পুরো ব্যবস্থার পরিবর্তন করতে। সুতরাং সেটাই বলছে তারা সঠিক পথে নেই।’
‘এ পাকিস্তানকে আমি এটাই বলব, পরবর্তী বিশ্বকাপের জন্য শুভ কামনা। যদি তারা এই অবস্থা থেকে ফিরে আসতে পারে, সেটা হবে মিরাকল। কিন্তু আমার মনে হয় না কাজটি তাদের জন্য সহজ হবে।’
শ্রীশান্থ সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন। সুপার এইটে খেলা তাদের ‘প্রাপ্য’ বলেও মন্তব্য করেছেন।







