ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
বার্তায় বলা হয়, শহিদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি আজ সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বিমানবন্দর থেকে তার মরদেহ সুশৃঙ্খলভাবে বহন করে শাহবাগগামী রাস্তার দুই পাশে অবস্থান নেওয়ার মাধ্যমে গ্রহণ করা হবে।
এরপর সর্বসাধারণের সাক্ষাতের জন্য মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
ইনকিলাব মঞ্চ তাদের বার্তায় শহিদ ওসমান হাদিকে “জুলাই জজবার প্রাণ” এবং “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীর” হিসেবে উল্লেখ করে সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।








