ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ এবং খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, হামাস বাহিনী ইসরায়েলের ভূখণ্ডে হামলা শুরু করার পর সোমবার ইসরায়েলের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়।
ইয়োভ গ্যালান্ট এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা গাজাকে সম্পূর্ণ অবরোধ করছি। সেখানে বিদ্যুৎ, খাবার, পানি এবং গ্যাস বন্ধ আছে। তিনি বলেন, আমরা প্রাণীদের সাথে লড়াই করছি এবং সেই অনুযায়ী কাজ করছি।
উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতদিন সাধারণত ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালালেও এবার সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা করে সংগঠনটি। প্রতিবাদে ইসরায়েলও পাল্টা হামলা শুরু করে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৩’শর বেশি মানুষ।








