বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে কোনো অনুষ্ঠান না করতে নেতাকর্মীদের নিষেধ করেছে বিএনপি।
সোমবার ১১ নভেম্বর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়, ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন। দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে, সেদিন জন্মদিন ঘিরে কোনো অনুষ্ঠান পালিত হবে না।
নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রথম সন্তান তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর।








