অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড ও পিকে হালদারের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ তাজবীর হাসান গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, শনিবার দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাজবীর হাসানকে থানায় হস্তান্তর করে। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার রাতে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। আদালতে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
প্রশান্ত কুমার হালদার, পিকে হালদার নামে পরিচিত। তার সহযোগী ও হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক তাজবীর হাসান দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে থাকার পর গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। ২০২০ সালে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায় হালট্রিপ, ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। ২০২০ সালের জানুয়ারিতে দেশ থেকে পালিয়ে গেলেও অন্তত দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি। এছাড়াও তার মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
সূত্র জানায়, হালট্রিপের চেয়ারম্যান পিকে হালদার জালিয়াতির মাধ্যমে সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন দেশ ছাড়া। হালট্রিপের ৯০ শতাংশ শেয়ারের মালিকানা পি কে হালদারের।







