এবারের বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের হারানোর পর অবশ্য ইংল্যান্ড-নিউজিল্যান্ডের বিপক্ষে পথ হারিয়েছে টিম টাইগার্স। তিন ম্যাচেই অনুজ্জ্বল ছিলেন পেসার তাসকিন আহমেদ। ২০ ওভার বল করে ১২৬ রানে নিয়েছেন ২টি উইকেট। তবে তাসকিনকে বিশ্বমানের একজন হিসেবেই মানছেন ভারতের বোলিং কোচ পারাস মামব্রে।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে নামবে সাকিব আল হাসানের দল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বুধবার তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছেন মামব্রে।
‘গত কয়েকবছর ধরে দেখছি, তাসকিন বিশ্বের ভালো একজন ফাস্ট বোলার। সে ভালো খেলছে। বিভিন্ন ভেন্যুতে পারফর্ম করছে। বাংলাদেশের কন্ডিশন সিমারদের অনুকূলে থাকে না। আসলেই সে ভালো বোলার।’
টাইগার স্পিনারদের প্রশংসাও করেছেন ভারতের বোলিং কোচ। বলেছেন, ‘স্পিনাররাও ভালো। দুই মেহেদীই ভালো করছে। এটা ভালো স্কোয়াড। তাদের ভালোই বোলিং আক্রমণ রয়েছে।’







