পাকিস্তানের বিপক্ষেও টপঅর্ডারে ব্যর্থতা দেখেছে বাংলাদেশ। ২৩ রানে ৩ ব্যাটার হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন দাস। ৭৯ রানের জুটি গড়ে ফিরে যান লিটন। ফিফটি পূর্ণ করে ফিরেছেন মাহমুদউল্লাহও। কিছুপর ফিরে গেছেন বিরতি দিয়ে একাদশে ফেরা তাওহীদ হৃদয়।
২৬তম ওভারের শেষ বলে ফিফটি পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫৮ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৬ চার ও একটি ছক্কার মার। ফিফটির পর কিছুটায় মন্থর ছিলেন। শেষ ১২ বলে তোলেন ৬ রান। ৩১তম ওভারের চতুর্থ বলে শাহিন শাহ আফ্রিদির তৃতীয় শিকার হন। ৭০ বলে ৫৬ রান করে বোল্ড হয়ে ফিরে যান রিয়াদ।
পরের ওভারেই ফিরে যান তাওহীদ হৃদয়। উসামা মীরের বলে ছক্কা হাঁকান মিডউইকেট অঞ্চল দিয়ে। পরে বলে খোঁচা দিয়ে ধরা পড়েন প্রথম স্লিপে, ইফতিখার আহমেদের হাতে।
কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩২ ওভারে ৬ উইকেটে ১৪১ রান। সাকিব আল হাসান ১৫ রানে ও মেহেদী হাসান মিরাজ ১ রানে ক্রিজে আছেন।
দিনের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে লেগ বিফোরে কাটা পড়েন তানজিদ হাসান তামিম। দলীয় রানের খাতা খোলার আগে উইকেট হারায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর উইকেটও নেন শাহিন আফ্রিদি। ৪ রান করে বাঁহাতি ব্যাটার ক্লিপ শট খেলে স্কয়ার লেগে থাকা উসামা মীরকে ক্যাচ দেন।
ষষ্ঠ ওভারে হারিস রউফের বলে খোঁচায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ইনিংসের অপমৃত্যু ঘটান ৫ রান করা মুশফিকুর রহিম। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দারুণ জুটির পর ২১তম ওভারের পঞ্চম বলে ইফতিখার আহমেদের শিকার হন লিটন। ৬৪ বলে ৪৫ রানের ইনিংস খেলে মিডউইকেটে আঘা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।







