বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স পুরোই হতাশাজনক। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর হার বাকি ছয় ম্যাচে। নেদারল্যান্ডসের বিপক্ষেও দেখতে হয়েছে শোচনীয় পরাজয়। ভারত বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করাও শঙ্কায় নিমজ্জিত। এমন পারফরম্যান্সের দায় নিচ্ছেন বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসে দলের ব্যর্থতার দায় কাঁধে তুলেছেন লঙ্কান এ কোচ।
‘এই দলের অন্য সবার মতো আমিও ব্যর্থতার দায় নিচ্ছি। আমরা সমর্থকদের হতাশ করেছি, একইসঙ্গে নিজেদেরও হতাশ করেছি। নিজেদের সেরাটা খেলতে পারিনি, কিন্তু প্রথম ম্যাচ থেকে এপর্যন্ত কিছুই পরিবর্তন হয়নি। শুধুমাত্র আমাদের মাথার মধ্যে যা ঘুরছে তা পরিবর্তন হয়েছে। আমাদের দক্ষতা হারিয়ে যায়নি।’
‘আমার মনে হয়, আমরা অতিমাত্রার প্রত্যাশার সামনে নুয়ে পড়েছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি। কারণ, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে, দেখতে হবে কী ভুল হল।’







