দলীয় ৩৬ রানের ভেতর ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল সাউথ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামের সঙ্গে জুটি গড়ে সেই চাপ সামলে দলকে এগিয়ে নিচ্ছেন ফিফটি পাওয়া কুইন্টন ডি কক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেটে ৯৯ রান। ডি কক ৫৯ ও এইডেন মার্করাম ২৬ রানে ক্রিজে আছেন। তৃতীয় উইকেট জুটিতে এ দুই ব্যাটার ৬৩ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন।
মোস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং আক্রমণের সূচনা করেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারেই আসে স্পিনার। মেহেদী হাসান মিরাজ হাতে তুলে নেন বল। ওই ওভারের পঞ্চম বলে স্লিপে সহজ ক্যাচ ফেলে দেন তানজিদ হাসান তামিম। রানের খাতা খোলার আগেই রেজা হেনড্রিক্স জীবন পান।
পঞ্চম ওভারেই ছন্দে থাকা মোস্তাফিজকে সরিয়ে শরিফুল ইসলামকে আক্রমণে আনেন দ্রুত উইকেট পাওয়ার সন্ধানে থাকা সাকিব। প্রথম ওভারে ৭ রান দিলেও দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাফল্য পান শরিফুল। হেনড্রিক্সকে বোল্ড করে অদ্ভুত ভঙ্গিতে নেচে উদযাপনও করে সকলের নজর কাড়েন।
অষ্টম ওভারের প্রথম বলে এক রান করা ডুসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান। দ্রুত ২ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা চাপে পড়ে। যদিও সেই চাপ এখন তারা সামলে উঠেছে।







