নিউজিল্যান্ডের বিপক্ষেও হতাশ করেছে বাংলাদেশের টপঅর্ডার। ৫৬ রানের মধ্যে ফিরে যান ৪ জন। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ফিফটি তুলেছেন মুশফিক। সাকিব হাঁটছেন সে পথেই। দুই সিনিয়রের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় টিম টাইগার্স।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠায় নিউজিল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান। মুশফিকুর রহিম ৫২ ও সাকিব আল হাসান ৩৩ রানে ক্রিজে আছেন।
শুরুতে রানের খাতা না খুলেই ড্রেসিংরুমে ফিরে যান লিটন দাস। ট্রেন্ট বোল্টের করা ম্যাচের প্রথম বলে ফ্লিকে বাতাসে বল ভাসান। স্কয়ার লেগে থাকা ম্যাট হেনরি খানিকটা শারীরিক ভারসাম্য হারালেও বল ধরতে ভুল করেননি। শূন্যরানে প্রথম উইকেট হারিয়ে বসে টিম টাইগার্স।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে আশা জাগালেও বেশিক্ষণ থাকতে পারেননি তানজিদ হাসান তামিম। তিনি নিজেকে মেলে ধরতে হচ্ছেন ব্যর্থ। নিউজিল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাসী শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। লোকি ফার্গুসনের করা অষ্টম ওভারের শেষ বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে কনওয়ের হাতে ক্যাচ দেন। ১৭ বলে ৪টি চারে ১৬ রান করে যান তানজিদ।
দারুণ ছন্দে থাকা মেহেদী হাসান মিরাজ বড় ইনিংস খেলার সম্ভাবনায় ভালোই এগোচ্ছিলেন। এরপর তার যাত্রাভঙ্গ। ফার্গুসনের বলে ৩০ রান করে ডিপ স্কয়ার লেগে ম্যাট হেনরির তালুবন্দি হন, ৪৬ বলে ৪ চারের ইনিংস খেলে।
গ্লেন ফিলিপস ১৩তম ওভারে বল হাতে নিয়েই পান সাফল্য। লেগ সাইডে শট খেলেন ৭ রান করা শান্ত। মিড উইকেটে দারুণ ক্যাচ নেন কনওয়ে। দ্রুত ৪ ব্যাটার হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
পরে খাদের কিনারা থেকে টাইগারদের টেনে তুলছেন সাকিব ও মুশফিক। ২৭তম ওভারের প্রথম বলে ফার্গুসনের বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন মুশফিক। ৫২ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ৫টি চার ও দুটি ছক্কা হাঁকিয়েছেন।







