পরিসংখ্যানকে পাত্তা না দিয়ে কিউই শিকারে প্রত্যয়ী আফগানরা

বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে মুখোমুখি, ম্যাচের সময়কার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান উড়ন্ত অবস্থায় রয়েছে। এবার গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডকে হারিয়ে চমক অব্যাহত রাখতে চায় হাসমতউল্লাহ শহিদীর দল।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। এই নিয়ে ওয়ানডেতে দল দুটি মাত্র তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে।
নিউজিল্যান্ড ও আফগানিস্তান বিশ্বকাপ ছাড়া কখনো ওয়ানডে ম্যাচে একে অন্যের সঙ্গে খেলেনি। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। ২০১৫ সালের আসরে প্রথম দেখায় ৬ উইকেটে জিতেছিল কিউইরা। চার বছর পর ২০১৯ সালে ব্ল্যাক ক্যাপসরা ৭ উইকেটের জয় পায়।
পরিসংখ্যান আফগানদের পক্ষে কথা না বললেও দলটি তা নিয়ে মোটেও ভাবছে না। কাগজ-কলমের হিসাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইংলিশদের পরাস্ত করে তারা কমিয়ে দিয়েছে টুর্নামেন্ট। এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ১৮ ম্যাচ খেলে মাত্র দুই জয় পাওয়া দলটিকে এখন সমীহ করা ছাড়া আর কোনো উপায় নেই।
প্রতিপক্ষকে অবশ্য খাটো করে দেখছে না নিউজিল্যান্ড। প্রথম তিন ম্যাচে ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে বড় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে গ্যারি স্টেডের শিষ্যরা। মাঠের ক্রিকেটে রশিদ-মুজিবদের সামর্থ্যের পুরোটা দিয়েই তারা খেলতে প্রস্তুত।







