ওপেনারদের ব্যর্থতার পর দেড়শতাধিক রানের জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তাদের অনবদ্য জুটিতে জয়ের পথে হাঁটছে বাংলাদেশ। ফিফটি পূর্ণ করে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন দু’ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৬ রান। নাজমুল হোসেন শান্ত ৯৩ বলে ৮৬ রানে ও সাকিব আল হাসান ৬০ বলে ৮১ রানে ক্রিজে আছেন।
শ্রীলঙ্কার দেয়া ২৮০ রানের লক্ষ্যে নেমে দ্রুত দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। আবারও ব্যর্থ ওপেনারদ্বয়। ফিরে গেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঝড়ো শুরুর আভাস দিয়েছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। প্রথম দুই ওভারে তুলে নেন ১৭ রান। তৃতীয় ওভারের প্রথম বলে উইকেট হারায় টিম টাইগার্স। দিলশান মাদুশঙ্কার বলে পাথুম নিশাঙ্কার হাতে ক্যাচ দেন তানজিদ হাসান। ৫ বলে ৯ রান করে ফেরেন।
সপ্তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪১ রানে মাদুশঙ্কার দ্বিতীয় শিকার হন লিটন দাস। লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান দুটি করে চার ও ছক্কায় ২২ বলে ২৩ রান করে।
এরপর হাল ধরেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। ২১তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথুজের বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন শান্ত। আট চারে ৫৮ বলে ফিফটি স্পর্শ করেন টাইগার টপঅর্ডার।
২৫তম ওভারের শেষ বলে দুশমন্থ চামিরার ডেলিভারিতে চার হাঁকিয়ে ক্যারিয়ারের ৫৬তম ফিফটি পূর্ণ করেন সাকিব। সাতটি চার ও এক ছক্কায় ৪৭ বলে ফিফটি স্পর্শ করেন সাকিব।
এর আগে চারিথ আসালাঙ্কার ১০৮ রানে ৪৯.৩ ওভারে অলআউটের সময় ২৭৯ পর্যন্ত যেতে পারে শ্রীলঙ্কা।







