ক্রিকেট

শচীনের ঘরে শচীনের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ওয়ার্নার ব্যাটিং করছেন, ক্রিকেট ম্যাচে ব্যাট চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার ব্যাটিং করছেন, মাঠে খেলা চলছে, দর্শকরা দর্শক বসে আছেন. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম হাজার রানের রেকর্ডটি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। শচীনের দেশে খেলতে নেমে সেই রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। ভারতের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে ১৯ ইনিংসে হাজারের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি অজি তারকা। শচীন হাজার ছুঁয়েছিলেন ২০তম ইনিংসে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রোববার ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটে নেমেছে অস্ট্রেলিয়া। মাইলফলক থেকে ১৫ রান দূরে ছিলেন ওয়ার্নার। এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মার সুযোগ আছে ওয়ার্নারের রেকর্ডটি ভেঙে দেয়ার। ১৭ ইনিংসে ৯৭৮ রান করা রোহিত আর ২২ রান করলেই ওয়ার্নারের রেকর্ডটি কেড়ে নেবেন।

বিশ্বকাপে এপর্যন্ত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সবমিলিয়ে ২২ ক্রিকেটার। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও আছেন এ ক্লাবে। বিশ্বকাপে টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটে এসেছে ১ হাজার ১৬০ রান।

বিশ্বকাপে দ্রুততম হাজারের মাইলফলক শচীনের সমান ম্যাচ খেলে ছুঁয়েছেন সাউথ আফ্রিকার ব্যাটার এবিডি ভিলিয়ার্স। ২১ ইনিংসে হাজার আছে ক্যারিবীয় গ্রেট স্যার ভিভ রিচার্ড ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৭১ রান করেছে অস্ট্রেলিয়া। ৪৫ বল খেলে ৪০ রানে বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং তিনে নেমে ৩৯ বল খেলে ৩১ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ।

বিষয়:অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়ার্নারভারতরোহিত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…