ম্যাচ শুরুর আগে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ রিপোর্ট দিয়েছিল পেসাররা পাবেন বাউন্সের সুবিধা। যদিও বাংলাদেশের পেস আক্রমণের কেউই দ্রুত উইকেট তুলে আফগানিস্তানকে চাপে ফেলতে পারেনি। ত্রাতা হয়ে এসেছেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়কের স্পিন ঝলকে দুই আফগান ব্যাটারের গন্তব্য হয়েছে ড্রেসিং রুম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ২২ ওভারে দুই উইকেটে ১০৪ রান। রাহমানউল্লাহ গুরবাজ ৪৫ ও হাসমতউল্লাহ শহিদী ১২ রানে ক্রিজে আছেন।
দ্বিতীয় উইকেটে গুরবাজের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন রহমত শাহ। এ জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের বলে সিলি মিড অফে লিটন দাসের হাতে ধরা পড়েন ২৫ বলে এক চারে ১৮ রান করা রহমত।
এর আগে শনিবার সকালে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। টাইগারদের তিন পেসারদের ভালোই সামলে ব্যাট হাতে আগ্রাসী ছিলেন গুরবাজ ও জাদরান। বাধ্য হয়েই ষষ্ঠ ওভারে বল হাতে নেন সাকিব। নিজের করা দ্বিতীয় ওভারেই পান সাফল্য।
জাদরান সুইপ শট খেলতে গেলে বল তার ব্যাটের উপরের অংশে লাগে। ভাসতে থাকা বল ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা তানজিদ হাসান তামিমের হাতে জমা পড়লে আফগানিস্তানের ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে।








