প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে টিম টাইগার্স। পুনেতে নিজেদের তৃতীয় ম্যাচে অপরাজিত ভারতের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ-ভারত ম্যাচের মধ্য দিয়ে ভেন্যুটিতে প্রথমবার হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে। টি স্পোর্টস ও গাজী টিভি এ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
প্রথার বাইরে গিয়ে এবার অক্টোবর-নভেম্বরে হচ্ছে ক্রিকেটের বৈশ্বিক আসর। এ সময়টাতে ভারতের নানা স্থানে থাকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শঙ্কা আছে বিশ্বকাপের অনেক ম্যাচ ঘিরেও। ভারতের ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। অনেক ম্যাচেই বাগড়া দিতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, পুনেতে আজ বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সন্ধ্যায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৫৩ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে স্টেডিয়ামে কুয়াশার আধিক্য বৃদ্ধি পেতে পারে । এ কারণে ফিল্ডিংয়ে থাকা দল সমস্যার সম্মুখীন হতে পারে। পরে ব্যাটিং করা দল পাবে বাড়তি সুবিধা।
ভারতের বোলিং কোচ পারাস মামব্রে পুনের বৃষ্টি প্রবল ভেন্যু নিয়ে বলেছেন, ‘এটা আমাদের জন্য ভিন্ন এক চ্যালেঞ্জ। সবমিলিয়ে নয়টি ভিন্ন ভেন্যুতে আমাদের খেলতে হবে। আমরা জানি নয় রকম ভিন্ন মাঠ হবে। আবহাওয়ার অবস্থারও ভিন্নতা থাকবে।’
‘মাঠ দেখে তো ভালোই মনে হচ্ছে। বোলারদের জন্য চ্যালেঞ্জিং হবে। ব্যাটে বল খুব ভালোভাবেই আসে। বাকি ভেন্যুগুলোর তুলনায় মাঠ ছোট। বাউন্ডারি ও ছক্কা বেশি হবে। চ্যালেঞ্জ কীভাবে গ্রহণ করবো, তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের হাতে যা আছে, তাতেই মনোযোগ দিতে হবে।’








