ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে সাউথ আফ্রিকা, এক ম্যাচ বাকি। ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে না থাকলেও এবছর ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে প্রোটিয়াদের সরাসরি খেলার দুয়ার খুলেছে।
নিজ দেশের টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে গিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেনি সাউথ আফ্রিকা। তাতে সুপার লিগে সব দলের মতো তারা ২৪টি ম্যাচ খেলবে না। তিন ম্যাচ কমে যাওয়াসহ পয়েন্ট টেবিলে নিচের দিকে থাকায় প্রোটিয়াদের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখনো ঝুলন্ত।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতলে প্রোটিয়াদের সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ বাড়বে। কারণ পরের দুই ম্যাচ তারা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও ডাচদের হালকাভাবে নেয়ার অবকাশ নেই। কাগজে-কলমের হিসাব বলছে হাতে থাকা তিন ম্যাচের সবগুলোই টেম্বা বাভুমার দলকে জিততে হবে।
১৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে সাউথ আফ্রিকা। শেষ তিন ম্যাচে জিতলে পয়েন্ট হবে ১০৯। এমন হলে তারা সরাসরি বিশ্বকাপের মূলপর্বের টিকিট পাবে।
দুটি ম্যাচ জিতলেও প্রোটিয়াদের সুযোগ থাকবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজের ফলাফলের উপর তাদের নির্ভর করতে হবে। পয়েন্ট টেবিলে লঙ্কানদের অবস্থাও সুবিধার নয়। ২১ ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট ৭৭, অবস্থান দশে। শ্রীলঙ্কা যদি অন্তত একটি ম্যাচ হারে, তাহলে সাউথ আফ্রিকা নিশ্চিন্তে সরাসরি ওয়ানডের বিশ্বআসরে পা দেবে।
নিউজিল্যান্ডের মাটিতে তিন ওয়ানডের সিরিজে শ্রীলঙ্কা দুটিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৯৭। এমন হলে তাদেরকে মনেপ্রাণে চাইতে হবে সাউথ আফ্রিকা যেন সুপার লিগের দুটি ম্যাচে হারে। তবেই লঙ্কানরা সরাসরি বিশ্বকাপের টিকিট কাটতে পারবে।
শ্রীলঙ্কা তিন ম্যাচের ভেতর একটিতে জিতলেও হিসাব থাকবে। কারণ ২৪ ম্যাচ খেলে ফেলা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮। আর শ্রীলঙ্কা একটি ম্যাচ জিতলে ৮৭ পয়েন্টেই থামবে।
সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কা সুপার লিগের নিজেদের শেষ তিন ম্যাচের সবকটিতে জিতলে তাদের পয়েন্ট হবে যথাক্রমে ১০৯ ও ১০৭। এক্ষেত্রে এ দুদল বিশ্বকাপের মূলপর্বে নাম লেখাবে সরাসরি। তখন ওয়েস্ট ইন্ডিজ খেলবে বাছাইপর্ব।
আয়ারল্যান্ডের সামনেও সরাসরি বিশ্বকাপে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। ঘরের মাঠে আগেই মূলপর্ব নিশ্চিত করা বাংলাদেশের বিপক্ষে সুপার লিগে আইরিশরা খেলবে শেষ তিন ম্যাচ। স্বাগতিকরা দুই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ক্যারিবীয়দের সমান ৮৮। রানরেটে আয়ারল্যান্ডের অবস্থা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভালো। এক্ষেত্রে তাদের শ্রীলঙ্কার দুই পরাজয় ও সাউথ আফ্রিকার সব ম্যাচে হারও কামনা করতে হবে।








