ইরানসহ মধ্যপ্রাচ্যে হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা। যার দরুন মধ্যপ্রাচ্যের আকাশ পথে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। চলমান এই বৈশ্বিক অস্থিরতায় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া।
শনিবার রাতে তিনি নিজের পেইজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়ে জানান, দিনটি তার কাছে ‘দুঃস্বপ্নের মতো’ কেটেছে।
নুসরাত ফারিয়া লেখেন, ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে অনিশ্চয়তা তৈরি হয়।
এয়ারপোর্টে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ তাকে ভীষণভাবে নাড়া দেয়। এ বিষয়ে নায়িকার ভাষ্য, “ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।”
তবে এই বিশৃঙ্খলার মধ্যেও আল্লাহর রহমত এবং কাছের মানুষের ভালোবাসাই নুসরাত ফারিয়াকে মানসিকভাবে শক্ত রেখেছে বলে জানান তিনি।
ফারিয়া বলেন, “এই বিশৃঙ্খলার মাঝেও আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা আমাকে ধরে রেখেছে। ইস্তাম্বুলে আমার বন্ধু আর তার পরিবার যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, নিশ্চিত করেছে আমি নিরাপদ আছি, সেটা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।”
সবশেষে ফারিয়া জানান, তিনি এখন ঢাকার পথে। মন ভারী হলেও কৃতজ্ঞতা রয়েছে হৃদয়ে। তার একটাই প্রার্থনা, পৃথিবীটা যেন একটু শান্ত হোক।








