যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে কোন খেলা নেই। বিশ্বমঞ্চে নামার আগে প্রীতি ম্যাচ খেলেই ঝালিয়ে নিতে হচ্ছে লিওনেল স্কালোনির দলকে। ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলে ফেলেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আর্জেন্টিনা এবার যাচ্ছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায়। ম্যাচটির জন্য প্রস্তুতির সঙ্গে বড় অঙ্কের অর্থও নিচ্ছে আলবিসেলেস্তেরা।
অ্যাঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির ৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর গড়াবে ম্যাচটি। লিওনেল মেসি-লৌতারো মার্টিনেজদের সঙ্গে প্রীতি ম্যাচটির জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ১ কোটি ২০ লাখ ইউরো দিচ্ছে অ্যাঙ্গোলা। বাংলাদেশি মুদ্রায় যা ১৭০ কোটি টাকা।
নভেম্বর উইন্ডোতে মরক্কোও খেলতে চেয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের সঙ্গে। কিন্তু আর্জেন্টিনা অ্যাঙ্গোলা বেছে নিয়েছে।








