‘আহারে জীবন, আহারে সাকিন সারিসুরি’
‘সাকিন সারিসুরি’র স্মৃতি উস্কে দিলেন চঞ্চল চৌধুরী

চ্যানেল আইয়ে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সাকিন সারিসুরি’ এখনো দর্শকের স্মৃতিতে অমলিন। প্রায় ১৭ বছর পর সেই স্মৃতিকে আবারও জীবন্ত করে তুললেন নাটকটির অন্যতম অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন চঞ্চল। ছবিতে তার সঙ্গে দেখা যায় ‘সাকিন সারিসুরি’-তে রুইতন চরিত্রে অভিনয় করা অভিনেতা মোশাররফ করিম এবং নির্মাতা সকাল আহমেদকে। ছবিটি তোলা হয়েছে সেই পরিচিত গ্রামেই- যে গ্রাম একসময় টেলিভিশনের পর্দায় ‘সাকিন সারিসুরি’ নামে দর্শকের কাছে পরিচিত হয়ে উঠেছিল।
পোস্টে চঞ্চল চৌধুরী লেখেন, বহুদিন পর হঠাৎ করেই বন্ধু মোশাররফ করিমের সঙ্গে দেখা হয়ে যায় সেই গ্রামের মেঠো পথে। বর্তমানে বৃন্দাবন দাসের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় ‘বিশ্বাস বনাম সরদার’ নাটকের শুটিং চলাকালে এই আকস্মিক সাক্ষাৎ।
দীর্ঘদিন পর দেখা হলেই দুজন একে অপরকে ‘মামা’ বলে জড়িয়ে ধরেন- এমন স্মৃতি ভাগ করে তিনি বলেন,“বহুদিন পর আমাদের দেখা হলেই দুজন দুজনকে ‘মামা’ বলে জড়িয়ে ধরি। কিছুক্ষণ কুশল বিনিময়ের পরই সকাল বললো, আয় একটা ছবি তুলে স্মৃতিটা ধরে রাখি! কত স্মৃতি এখানে!”
চঞ্চল তার লেখায় ‘সাকিন সারিসুরি’কে ঘিরে থাকা অসংখ্য স্মৃতির কথা তুলে ধরেন। প্রয়াত ও জীবিত অনেক সহশিল্পী ও নির্মাতার নাম উল্লেখ করে আবেগঘন কণ্ঠে লেখেন, “লাভলু ভাই,বৃন্দাবন দা, খুশী, আখম হাসান, রওনক, সাজুসহ আরো কতজন! আবার কতজনকে তো হারিয়ে ফেলেছি চিরতরে! আহারে জীবন! আহারে সাকিন সারিসুরি!”
২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রচারিত সালাউদ্দিন লাভলু পরিচালিত ও বৃন্দাবন দাসের লেখা এই নাটকটি ছিল ১০২ পর্বের। চোরদের একটি গ্রামকে কেন্দ্র করে তৈরি এই সিরিজে ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান, ক্ষমতা, দ্বন্দ্ব ও মানবিক সম্পর্কের গল্প আজও দর্শকের মনে নস্টালজিয়া জাগায়।







