আকস্মিকভাবে রাশিয়ায় সফরের মেয়াদ বাড়িয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। ধারণা করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে অস্ত্র চুক্তির জন্য তিনি রাশিয়া সফরে আছেন।
বিবিসি জানিয়েছে, গতকাল ১৪ সেপ্টেম্বর বুধবার রাশিয়ায় দুই দেশের সামরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে কোন বিশদ বিবরণ না দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, কিমের সফর বেশ কয়েক দিন অব্যাহত থাকবে।
বর্তমানে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের সাথে এই দুই দেশের সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ঠিক এমন সময় দেশ দু’টির শীর্ষ নেতা বৈঠকে সামরিক বিষয় এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে আলোচনার পাশাপাশি নর্থ কোরিয়ার নেতা বলেন, রাশিয়া পশ্চিমের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষার জন্য একটি বিশুদ্ধ লড়াই লড়ছে। কিম বলেন, তিনি পুতিনের সিদ্ধান্তগুলো সর্বদা সমর্থন করবেন।
পুতিন জানান, তিনি নর্থ কোরিয়ার স্যাটেলাইট বিকাশে সহায়তা করবেন। যদিও যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে যে, স্যাটেলাইট প্রযুক্তিতে রাশিয়ার সহায়তা নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করবে। তবে তিনি স্বীকার করেন যে, সামরিক সহযোগিতার কিছু সীমাবদ্ধতা রয়েছে।
পরে পুতিন নর্থ কোরিয়া সফরের জন্য কিমের আমন্ত্রণ কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেন। ধারণা করা হচ্ছে, কিম রাশিয়ান যুদ্ধজাহাজ এবং কয়েকটি অস্ত্র কারখানা পরিদর্শন করবেন। এছাড়াও দেশে ফেরার পথে রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টকের কাছে কিছু সময়ের জন্য থামতে পারেন তিনি।








