চিকিৎসাশাস্ত্রে ২০২৪ সালে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন। আজ ঘোষণা করা হয়েছে এই নোবেল জয়ীদের নাম।
আজ (৭ অক্টোবর) সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন এর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি।
ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন দুইজনই যুক্তরাষ্ট্রের গবেষক। মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য তারা এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। জুরি বলেছে, তাদের যুগান্তকারী আবিষ্কার জিন নিয়ন্ত্রণের একটি সম্পূর্ণ নতুন নীতি প্রকাশ করেছে যা মানুষসহ বহুকোষী জীবের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
ভিক্টর অ্যামব্রোস যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে জীববিজ্ঞানে বিএস ডিগ্রি লাভ করেন এবং নোবেল বিজয়ী ডেভিড বাল্টিমোরের তত্ত্বাবধানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ১৯৭৯ সালে পিএইচডি সম্পন্ন করেন। তিনি ম্যাসাচুসেটসের ওরচেস্টারের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস মেডিকেল স্কুলের অধ্যাপক।
গ্যারি রুভকুন ১৯৫২ সালের মার্চে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের একজন আমেরিকান আণবিক জীববিজ্ঞানী এবং বোস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের জেনেটিক্সের অধ্যাপক। রুভকুন ১৯৭৩ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়র, বার্কলে থেকে তার স্নাতক ডিগ্রি অর্জন করেন, আর পিএইচডি কাজটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফ্রেডেরিক এম অসুবেলের গবেষণাগারে করা হয়েছিল।
প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। এবছর নোবেল জয়ীদের নাম ঘোষণার প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বায়োকেমিস্ট কাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও বিজ্ঞানী ড্রিউ উইসম্যান।
প্রতি বছর ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ডাইনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর ৫ বছর পর ১৯০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া শুরু হয়।








