নোয়াখালীতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের প্রধান খালে বাঁধ নির্মাণ, দখল, দূষণ আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যার দূর্ভোগ।
এতে পরিবেশ-প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জীববৈচিত্র্য। ভারী বর্ষণ আর উজানের ঢলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নোয়াখালী। প্রতি ১২ ঘণ্টায় জেলা শহরসহ আশপাশের অঞ্চলের পানি কমছে ১ থেকে ৩ সেন্টিমিটার করে।
এখনও ঘরবাড়ি, রাস্তাঘাটে পানি জমে আছে কয়েক ফুট। চর আলগী খালে বাঁধ নির্মাণসহ ছোটবড় বিভিন্ন খাল দখল আর ময়লা আবর্জনার স্তুপের কারণে ব্যহত হচ্ছে পানি নিষ্কাশন।
সমস্যা সমাধানে খালের বাঁধ অপসারণের প্রশ্নে মুখোমুখি অবস্থানে প্রশাসন ও স্থানীয়রা। তবে বিকল্প উপায়ে পানি অপসারণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
পরিস্থিতি উন্নয়নে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কাজ করা আহ্বান ভুক্তভোগীদের।








