আমাদের দেশের ভবিষ্যত আমাদেরকেই নির্মাণ করতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাইরের দেশ থেকে কেউ এসে আমাদের ভবিষ্যত নির্মাণ করতে পারবে না, আমাদেরকেই করতে হবে।
শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দৃষ্টিতে ‘ক্ষমতায়ন : বাংলাদেশ, নেতৃত্ব-ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনীতি-শাসনব্যবস্থা রূপান্তর’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সবাই যদি এটুকু বুঝতে পারি, দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরই নির্মাণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প (ডোনাল্ড ট্রাম্প) বা চীন থেকে শি (শি জিনপিং) এসে এটা তৈরি করে দেবে না। অথবা ভারত থেকে মোদিও (নরেন্দ্র মোদি) ধাক্কা দিয়ে আমাদের কিছু করতে পারবে না। এই বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে।
তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ হয়েছি, হতেও হবে। যেভাবে গণঅভ্যুত্থানে সবাই এক হয়েছিল সেভাবেই এক হয়ে কাজ করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ও ভবিষ্যৎ ভালো হবে, খুব ভালো হবে।
তিনি বলেন, সবাই এখন ভিন্ন দিকে নজর দিচ্ছেন, যুক্তরাষ্ট্র যে ট্যারিফ দিয়েছে তা দেশের জন্য একটু বিপদে পড়ার মতোই। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে সমস্যা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় মির্জা ফখরুল দেশের কৃষিখাতে নজর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষকদের প্রতি গুরুত্ব সহকারে কাজ করতে হবে। মাঠেঘাটে যারা কাজ করছেন তাদের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
তিনি বলনে, ড. ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। তাকে ধন্যবাদ জানাই। আশা করি ড. ইউনূস সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি।







