আসছে নভেম্বরের ১৪ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ব্যয়বহুল ছবি কাঙ্গুভা। ঘোষণার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী ভারতের অভিনেতা সুরিয়া ও ববি দেওল অভিনীত এই প্যান ইন্ডিয়ান ছবি। কিন্তু এই ছবি মুক্তির ঠিক দুই সপ্তাহ আগে বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে টিম কাঙ্গুভা!
কারণ, বুধবার (৩০ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে চলচ্চিত্র সম্পাদক নিশাদ ইউসুফের মরদেহ! যিনি ‘কাঙ্গুভা’ এডিট করছিলেন।
মৃত্যুকালে ইউসুফের বয়স হয়েছিলো ৪৩ বছর। মালয়ালাম সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, রাত ২টা নাগাদ কোচির পানামপিল্লি নগরে নিজ অ্যাপার্টমেন্টে বহু জনপ্রিয় ছবির এই সম্পাদকের মরদেহ পাওয়া যায়। তবে মৃত্যুর কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।
পুলিশ কর্মকর্তারা এখন পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করেননি। ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অব কেরালার (এফইএফকেএ) ডিরেক্টরস ইউনিয়ন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশাদ ইউসুফের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
চলচ্চিত্র সংস্থাটি বিখ্যাত সম্পাদকের একটি ছবি শেয়ার করে মালয়ালাম ভাষায় লিখেছে,‘চলচ্চিত্র সম্পাদক নিশাদ ইউসুফের অপ্রত্যাশিত মৃত্যু, যিনি পরিবর্তিত মালয়ালাম সিনেমার সমসাময়িক ভবিষ্যত নির্ধারণে প্রধান ভূমিকা পালন করেছিলেন, এমন কিছু নয় যা চলচ্চিত্র বিশ্ব দ্রুত মেনে নিতে সক্ষম হবে। এফইএফকেএ ডিরেক্টরস ইউনিয়নের পক্ষ থেকে সমবেদনা।’
যদিও আঞ্চলিক গণমাধ্যম তার মৃত্যুকে আত্মহত্যার সম্ভাবনা বলে রিপোর্ট করেছে। যদিও কেরালা পুলিশ এই মৃত্যুর তদন্ত করছে এবং কোন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।
শুধু কাঙ্গুভা নয়, ইউসুফ বেশ কিছু দক্ষিণ ভারতীয় সিনেমার সম্পাদনা করেছেন। এরমধ্যে থাল্লুমালা, উন্ডা, ওয়ান, সৌদি ভেলাক্কা এবং আদিওস অ্যামিগোস উল্লেখযোগ্য।
ইউসুফের হাতে আরও কিছু সিনেমার কাজ ছিলো। মেগাস্টার মোহনলাল এবং ম্যামোট্টি অভিনীত আসন্ন ‘বাজুকা’ সম্পাদনা করছিলেন এই ইউসুফ। তার ঝুলিতে ‘আলাপ্পুঝা জিমখানা’ও ছিল।








