সম্প্রতি প্রায়শই সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের চলমান শুটিং কিংবা মহড়ার ক্লিপ ও দৃশ্যগুলো অফিসিয়ালি প্রকাশের আগেই ফাঁস হতে দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে, এমনকি ক্লাইম্যাক্স দৃশ্যও শিল্পী বা পরিচালকের অনুমতি ছাড়াই ফেসবুকে ফাঁস হয়ে যাচ্ছে। এ নিয়ে সতর্ক বার্তা দিলেন ছোটপর্দার তারকা অভিনেতা নিলয় আলমগীর।
শুটিং ইউনিট থেকে অনুমতি ছাড়া পর্দার পিছনের দৃশ্য (বিটিএস) ফাঁস হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিলয়। যা প্রায়ই শিল্পী ও ক্রু সদস্যদের অজান্তেই ভাইরাল হয়ে যায়। এমন ফাঁস হওয়া ভিডিওগুলোর মধ্যে অনেক সময় গুরুত্বপূর্ণ দৃশ্যও অন্তর্ভুক্ত থাকে, যা সংশ্লিষ্টদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।
বুধবার (৩০ জানুয়রি) ফেসবুকে এক পোস্টে শুটিং সেট, মেকআপ রুমে রিলস, শর্টস ও ভিডিও তৈরি করতে নিষেধ করেছেন অভিনেতা।
নিলয় লেখেন,“আমার সকল সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইটগ্র্যাফার, এসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক্যামেরা টিম, চ্যানেল কর্তৃপক্ষ এবং শুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে, এখন থেকে শুটিং চলাকালীন বা শুটিংয়ের বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস, রিলস, শর্টস বা কোনো ধরনের ভিডিও করবেন না। ধন্যবাদ।”
এর আগেও বেশ কয়েকজন শিল্পী এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে যে বারবার অনুরোধ করা সত্ত্বেও শুটিং ইউনিটের সদস্যরা অনেক সময় এই ধরনের ক্লিপ ফাঁস করেছেন। অনেক ক্ষেত্রে, সবাই একে অপরের পরিচিত হওয়ায় আপত্তি জানানোও কঠিন হয়ে পড়ে। তবে এবার সরাসরি অভিযোগ না এনে, নিলয় আলমগীর ফেসবুকের মাধ্যমে কড়া বার্তা দিলেন।








