আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে বসতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেট থেকে বিরতি নেবেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মূলত ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করার জন্য সিদ্ধান্তটি নিয়েছেন।
মঙ্গলবার বিশ্বকাপ খেলার জন্য ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফটোসেশন শেষে সংবাদ সম্মেলনে আসেন কোচ সরোয়ার ইমরান ও অধিনায়ক নিগার সুলতানা। জ্যোতি প্রথমে ক্রিকেট থেকে বিরতি নেয়ার কথা জানান। পরে বিষয়টি খোলাসা করে জানান, ঘরোয়া ক্রিকেটে না খেলার কথা।
জ্যোতি বললেন, ‘গত ৬ মাস ধরে টানা ক্রিকেট খেলছি। এখন ওয়ার্কলোড ম্যানেজ করা গুরুত্বপূর্ণ। তাই বিশ্বকাপের পর ব্রেক নেয়ার চিন্তা করেছি। ফিট না থেকে জাতীয় দলে খেলাটা ঠিক হবে না।’
পরে খোলাসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমার বিরতিটা আন্তর্জাতিক ক্রিকেটে না, শুধু নারীদের এনসিএল খেলব না। নিজেকে ফিট রাখতেই এই চিন্তা, আমার জায়গায় অন্যকেউ খেলুক এনসিএল এটাই চাই। আমি কয়েকদিন ক্রিকেট থেকে দূরে থাকব বিশ্বকাপ থেকে ফিরে।’








